খুলনা সাংবাদিক ইউনিয়নে পাল্টাপাল্টি সভা, ৩৪ সদস্যের সদস্যপদ বাতিল
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ঘিরে পাল্টাপাল্টি নির্বাহী পরিষদের সভাকে কেন্দ্র করে সংগঠনটির ৩৪ সদস্যের সদস্যপদ বাতিলের ঘটনা ঘটেছে। একাধিক পেশায় সম্পৃক্ততা, গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, শৃঙ্খলা ভঙ্গ এবং সাংবাদিকতা পেশায় সক্রিয় না থাকার অভিযোগে দুই পক্ষ পৃথক সভার মাধ্যমে এসব সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার (২৬ মে) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক পক্ষের জরুরি সভায় ১৬ সদস্যের সদস্যপদ বাতিল করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম কাজল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এবং সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাতিল হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন ওএমএস ব্যবসায়ী সাঈয়েদুজ্জামান সম্রাট, এনজিও কর্মকর্তা মহেন্দ্রনাথ সেন, মামলা বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত সুনীল দাস, স্থায়ীভাবে খুলনার বাইরে অবস্থানকারী সুমন্ত চক্রবর্তী, ক্যামেরা ব্যবসায়ী নেয়ামুল হোসেন কচি, ঠিকাদার উত্তম কুমার সরকার, শিক্ষক আবুহেনা মোস্তফা জামাল পপলু, ব্যবসায়ী বাবুল আক্তার ও শেখ লিয়াকত হোসেন, ইউপি সদস্য তপু বিশ্বাস, আয়কর আইনজীবী আসাফুর রহমান কাজলসহ আরও কয়েকজন।
সভায় বক্তারা বলেন, সংগঠনের ঐতিহ্য ও পেশাগত মান রক্ষায় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, দীর্ঘদিন ধরেই সংগঠনের ভেতরে সদস্যপদ নিয়ে বিরোধ ও বিভক্তি চলছিল।
অন্যদিকে একই দিনে শ্রম আদালতের আদেশ মোতাবেক অনুষ্ঠিত অপর পক্ষের নির্বাহী কমিটির সভায় আরও ১৮ সদস্যের সদস্যপদ বাতিল করা হয়। সভায় গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ড এবং সাংবাদিকতার বাইরে বিভিন্ন পেশায় যুক্ত থাকার অভিযোগ আনা হয় সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
সদস্যপদ বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্লিনিক ব্যবসা ও এনজিওতে কর্মরত থাকার অভিযোগে ফারুক আহমেদ, ওএমএস ডিলার আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবী জয়নাল ফরাজী, আইনজীবী ও অনলাইন পত্রিকার মালিক বিমল সাহা, পত্রিকার মালিক গৌরাঙ্গ নন্দী, কলেজ অধ্যক্ষ আসিফ আলতাফ, শিক্ষক প্রদ্যুত কুমার ভট্ট, ইউপি সদস্য এস এম ফরিদ রানা, এনজিও কর্মী শেখ আব্দুল হালিম, কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবী মো. নাজমুল হাসানসহ আরও অনেকে।
দুই পক্ষের পাল্টাপাল্টি সিদ্ধান্তে খুলনার সাংবাদিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে এবং ভবিষ্যতে এ নিয়ে আরও জটিলতা তৈরি হতে পারে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন